নিজস্ব প্রতিবেদক: নাসা গ্রুপের একটি প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত জমি জব্দ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। অর্থঋণ আদালতের আদেশের ভিত্তিতে জমিটি জব্দ করা হয়েছে।
জানা গেছে, গুলশান মডেল টাউনের এসই (ডি) ব্লক-৩ এলাকায় প্রায় এক বিঘা জমির ওপর থাকা স্থাপনা ও অবকাঠামোসহ পুরো সম্পত্তি জব্দের আওতায় আনা হয়েছে। বর্তমানে ওই সম্পত্তিতেই সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইউসিবির টানানো নোটিশে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর অর্থঋণ আদালতের আদেশের ভিত্তিতে সম্পত্তিটি ব্যাংকের অনুকূলে জব্দ করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী সম্পত্তির প্রবেশপথে এ-সংক্রান্ত নোটিশও টানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, সম্পত্তিটির ওপর ইউসিবির আইনগত স্বার্থ ও দাবি প্রতিষ্ঠিত হয়েছে। ইউসিবির লিখিত অনুমতি ছাড়া এ সম্পত্তি বিক্রি, ক্রয়, হস্তান্তর, নিবন্ধন বা অন্য কোনো ধরনের লেনদেন করা হলে তা বেআইনি এবং আদালত অবমাননা হিসেবে গণ্য হবে। আদেশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।
ইউসিবি সূত্রের বরাতে জানা গেছে, নাসা গ্রুপের প্রতিষ্ঠান নাসা তাইপেই টেক্সটাইলস মিলস লিমিটেড ব্যাংকটি থেকে প্রায় ১৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি খেলাপি হয়ে পড়ে। পরে ঋণ আদায়ে ইউসিবি অর্থঋণ আদালতে মামলা করে।
ইউসিবির প্রধান ক্রেডিট কর্মকর্তা জিশান কিংশুক হক জানিয়েছেন, নাসা গ্রুপের খেলাপি ঋণ আদায়ের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মামলা করা হয়। আদালত ওই সম্পত্তি ইউসিবির অনুকূলে জব্দের আদেশ দিয়েছেন।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিনও জানিয়েছেন, নাসা গ্রুপের ঋণখেলাপির কারণে আদালতের আদেশে ইউসিবি নাসা মালিকানাধীন জমিটি জব্দ করেছে। সিটি ব্যাংকেরও নাসা গ্রুপের কাছে ঋণ রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply