নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে কৃষি ঋণ বিতরণ বাড়লেও আদায়ে বড় ধাক্কা দেখা দিয়েছে। ২০২৫-২৬ অর্থবছর শেষে ব্যাংকগুলোর মোট কৃষি ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এর মধ্যে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকা, অর্থাৎ ২৯ দশমিক ২২ শতাংশ, খেলাপি হয়ে গেছে।
আট ব্যাংকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইউনিয়ন ব্যাংক। ব্যাংকটির কৃষি ঋণের ৯৪ দশমিক ৬৮ শতাংশই খেলাপি। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় ৮০ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৬৪ শতাংশ এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ৫০ দশমিক ৭২ শতাংশ কৃষি ঋণ খেলাপি।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬০ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঋণ বিতরণের পাশাপাশি আদায় ও তদারকি জোরদার না হলে খেলাপি ঋণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply