1. baiozidkhan@gmail.com : admin_bizp :
টেকনো ড্রাগসের কারখানা নিলামে, ব্যাংকের পাওনা ২০৩ কোটি - Business Protidin

টেকনো ড্রাগসের কারখানা নিলামে, ব্যাংকের পাওনা ২০৩ কোটি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস পিএলসির গাজীপুরের প্রধান কারখানা, জমি ও যন্ত্রপাতি নিলামে তুলেছে ওয়ান ব্যাংক পিএলসি। গত ৩১ জুলাই পর্যন্ত কোম্পানিটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ২০৩ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৯৭২ টাকা। এর সঙ্গে আদায়কালীন সুদ ও অন্যান্য খরচ যুক্ত হবে।

ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সিলমোহর করা দরপত্র জমা দেওয়া যাবে এবং একই দিন দরদাতাদের উপস্থিতিতে তা খোলা হবে। ঋণ পরিশোধে একাধিকবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ না করায় কোম্পানিটি খেলাপি ঋণগ্রহীতায় পরিণত হয়েছে।

২০১৭ সালের ২৮ ডিসেম্বর টেকনো ড্রাগসের সম্পত্তি ওয়ান ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়। নিলামে জমি ও স্থাপনার পাশাপাশি বিভিন্ন উৎপাদন, প্যাকেজিং ও ওষুধ তৈরির যন্ত্রপাতিও বিক্রি করা হবে।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত টেকনো ড্রাগস ২০২৪ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি টাকা সংগ্রহ করে। তালিকাভুক্তির পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লভ্যাংশ বিতরণ ও আয়কর আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। শেয়ার নিয়ে অর্থ পাচারের অভিযোগও রয়েছে, যা সংশ্লিষ্টরা অস্বীকার করেছেন।

কোম্পানিটির পরিচালক আরেফিন রাফি আহমেদ জানিয়েছেন, নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করা সম্ভব হয়নি। কারখানা নিলামে বিক্রি হলে ওষুধ উৎপাদনে প্রভাব পড়তে পারে এবং শেয়ারের দাম কমার আশঙ্কা রয়েছে।

এদিকে, সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি সরবরাহের দরপত্রে আবেদন করেছে টেকনো ড্রাগস। প্রধান কারখানা নিলামে বিক্রি হলে ভবিষ্যৎ উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com