নিজস্ব প্রতিবেদক: স্টার্টআপ কোম্পানির কর অব্যাহতি ও প্রণোদনা সুবিধা নিশ্চিত করতে ‘স্টার্টআপ স্যান্ডবক্স’ নিবন্ধন ও কর পরিপালনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নির্দেশনা অনুযায়ী, আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে যাচাই-বাছাই শেষে নিবন্ধন সনদ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে।
এনবিআর চেয়ারম্যানের সই করা গত ২৮ অক্টোবরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, স্টার্টআপ স্যান্ডবক্সের সুবিধা পেতে সংশ্লিষ্ট কোম্পানিকে এনবিআরে নিবন্ধন করতে হবে। এ জন্য নির্ধারিত শর্ত পূরণ করে এনবিআরের সদস্য (কর আপিল ও অব্যাহতি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।
নিবন্ধনের আবেদনের সঙ্গে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) দেওয়া ইনকরপোরেশন সার্টিফিকেট ও সংঘস্মারক জমা দিতে হবে। পাশাপাশি স্টার্টআপের কার্যক্রমের বিস্তারিত বিবরণ দিতে হবে।
এছাড়া কোম্পানিতে ব্যবহৃত এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি), অ্যাকাউন্টিং সফটওয়্যার, মূল ডিজিটাল সিস্টেম অথবা হিসাবের খতিয়ানে আয়কর কর্তৃপক্ষকে শুধু পাঠযোগ্য (রিড অনলি) প্রবেশাধিকার দেওয়ার সম্মতিপত্র জমা দিতে হবে।
এনবিআর আবেদন পাওয়ার পর ৬০ দিনের মধ্যে যাচাই-বাছাই শেষে ‘স্টার্টআপ স্যান্ডবক্স নিবন্ধন সনদ’ ইস্যু করবে। এ সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে বিবেচিত হবে।
নির্দেশনায় নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও উল্লেখ করা হয়েছে। কোনো স্টার্টআপ ভুল তথ্য দিয়েছে বলে প্রমাণ পাওয়া গেলে অথবা আয়কর কর্তৃপক্ষকে ডিজিটাল ব্যবস্থায় প্রবেশাধিকার দিতে বাধা সৃষ্টি করলে নিবন্ধন বাতিলের উদ্যোগ নিতে পারবে এনবিআর।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। নোটিশের জবাব দেওয়ার জন্য ৬০ দিন সময় পাবে প্রতিষ্ঠানটি। পরে কোম্পানির প্রতিনিধিকে শুনানির সুযোগ দিয়ে লিখিত আদেশের মাধ্যমে নিবন্ধন বাতিল করা যাবে। এ ছাড়া উপযুক্ত কারণ দেখিয়ে এবং সংশ্লিষ্ট স্টার্টআপকে যুক্তিসংগত শুনানির সুযোগ দিয়েও নিবন্ধন বাতিল করতে পারবে এনবিআর।
Leave a Reply