নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যবসা করা নন-লাইফ বীমা খাতে উত্থাপিত মোট দাবির বড় অংশই অপরিশোধিত। বছরের পর বছর এমন পরিস্থিতির কারণে বাড়ছে গ্রাহকের অনাস্থা। বীমা খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠনে কম নিষ্পত্তি করা প্রতিষ্ঠানগুলোকে মোট দাবির কমপক্ষে ৭০ শতাংশ পরিশোধের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
জানা যায়, সরকারি-বেসরকারি ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে অন্তত ৩৪টি প্রতিষ্ঠানের দাবি নিষ্পত্তির হার ৭৫ শতাংশের নিচে। যা পুরো খাতের জন্য ভয়ংকর সংকট তৈরি হয়েছে।
একইসঙ্গে ৯০ দিনের বেশি সময় ধরে ঝুলে থাকা পুরোনো বকেয়া দাবিগুলো আগামী ৩১ অক্টোবরের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
আইডিআরএ বলছে, বর্তমান সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বীমা খাতের সার্বিক উন্নয়ন ও সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ হলেও দাবি নিষ্পত্তির এই ধীরগতি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই কোম্পানিগুলোকে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে অবিলম্বে বকেয়া পরিশোধ নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ বাস্তবায়নে ব্যর্থ হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং ধারাবাহিক লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির মাত্রা আরও বাড়ানো হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
আইডিআরএ’র সাম্প্রতিক হিসাব অনুযায়ী, নন-লাইফ কোম্পানিগুলোর পূর্ববর্তী বকেয়া দাবির পরিমাণ ছিল ৩ হাজার ৫৪ কোটি ৪৭ লাখ টাকা। নতুন করে আরও ১ হাজার ৬২৮ কোটি ৯০ লাখ টাকার দাবি যুক্ত হওয়ায় মোট উত্থাপিত দাবির পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৬৭৮ কোটি ৮৩ লাখ টাকায়। তবে এই বিশাল দায়ের বিপরীতে কোম্পানিগুলো নিষ্পত্তি করতে পেরেছে ১ হাজার ১৬৯ কোটি ৫০ লাখ টাকা, যা মোট বীমা দাবির ২৫ শতাংশ।
তালিকার শীর্ষে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের মোট ২ হাজার ৪৮৬ কোটি ৪৬ লাখ টাকার বীমা দাবির মধ্যে পরিশোধ হয়েছে ২৯৯ কোটি ৮৩ লাখ টাকা, যার নিষ্পত্তির হার ১২.০৬ শতাংশ। বেসরকারি খাতের বড় কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৪১১ কোটি ২ লাখ টাকার দাবির বিপরীতে পরিশোধ হয়েছে ৮১ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির বীমা দাবি নিষ্পত্তির হার ১৯.৮২ শতাংশ।
প্রগতি ইন্স্যুরেন্সের বীমা দাবি নিষ্পত্তির হার ৩৪.৪৭ শতাংশ। কোম্পানিটিতে ১৯৯ কোটি ৫০ লাখ টাকা বীমা দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ৬৮ কোটি ৭৬ লাখ টাকা। রিলায়েন্স ইন্স্যুরেন্সের বীমা দাবি নিষ্পত্তির হার ২৯.৮৮ শতাংশ। কোম্পানিটিতে উত্থাপিত ২০০ কোটি ৬৫ লাখ টাকা বীমা দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ৫৯ কোটি ৯৬ লাখ টাকা।
অপরদিকে পিপলস ইন্স্যুরেন্সের দাবি নিষ্পত্তির হার ৬.৪৭ শতাংশ; নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৬৯ শতাংশ; বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের ৭.৯৪ শতাংশ; রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫.০৩ শতাংশ; স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১৫.৩৮ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের দাবি নিষ্পত্তি হার ১৬.৪০ শতাংশ।
দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বীমা দাবি নিষ্পত্তির হার ১৭.১৪ শতাংশ; অগ্রণী ইন্স্যুরেন্সের ২০.২০ শতাংশ; গ্লোবাল ইন্স্যুরেন্সের ২২.২১ শতাংশ; মেঘনা ইন্স্যুরেন্স ২৩.৭৩ শতাংশ; ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩১.০৮ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের বীমা দাবি নিষ্পত্তির হার ৩১.২০ শতাংশ।
বীমা খাত সংশ্লিষ্টরা বলছেন, নন-লাইফ খাতে প্রিমিয়াম আয়ের একটি বড় অংশ পুনর্বীমা ও ব্যবস্থাপনা ব্যয়ে অপব্যবহার হওয়ায় অনেক সময় দাবির দায় মেটাতে সংকটে পড়ে কোম্পানিগুলো। ফলে যথাসময়ে দাবি না পেয়ে গ্রাহকদের মধ্যে বীমা শিল্প নিয়ে তীব্র অনাস্থা তৈরি হয়েছে। আইডিআরএ’র এই কঠোর পর্যবেক্ষণ ও নির্দিষ্ট সময়সীমা বাস্তবায়ন হলে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।
Leave a Reply