নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রম অসন্তোষ ও কারখানার নিরাপত্তাহীনতার কারণে আগামীকাল ১৫ নভেম্বর থেকে আশুলিয়া ও সাভার অঞ্চলের সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হবে। বর্তমানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি পোশাকশিল্প। অথচ সাম্প্রতিক সময়ে নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়কে কেন্দ্র করে একটি মহল এ শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর প্রভাবে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয়ের প্রধান খাতটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।
মাহমুদ হাসান খান বলেন, অধিকাংশ শ্রমিকই কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। কিন্তু কিছু বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানিতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাঁরা নিজেরা কাজ করছেন না, অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি এক কারখানা থেকে বের হয়ে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে।
এতে কারখানাগুলোতে ভীতিকর ও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন অনুকূল পরিবেশ ও সার্বিক নিরাপত্তা না থাকায় অনেক কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও ক্ষতির মুখে পড়ছে। বর্তমানে বিজিএমইএর ১৪৭টি সদস্য কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হচ্ছে।
মজুরি বোর্ডের কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, চলমান পরিস্থিতির কারণে নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিকভাবে কাজ করার দায়িত্বপ্রাপ্ত নিম্নতম মজুরি বোর্ডও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য অনুযায়ী, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিও চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাঁর বা কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা প্রত্যাশিত মাত্রায় কার্যকর হয়নি। মাঠপর্যায়ের অনেক নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
বিজিএমইএ সভাপতি জানান, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশ নেওয়া উদ্যোক্তারা মত দিয়েছেন, কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। এ পরিস্থিতিতে আশুলিয়া ও সাভার অঞ্চলের সংশ্লিষ্ট কারখানাগুলো ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাহমুদ হাসান খান বলেন, আশুলিয়া ও সাভারের পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্প রক্ষা এবং এর সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।
সংকট নিরসনে সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
Leave a Reply