সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষতম জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর গৌরবময় সাফল্যের ৪২তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কোম্পানীর কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে বেলুন উড্ডয়ন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক রাজিয়া সুলতানা, পরিচালক নাহরীন রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোঃ মাসুদ হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএসহ কোম্পানীর নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারী জীবনবীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা শুরু করে। ন্যাশনাল লাইফের পথ ধরে আজ দেশে বহু বেসরকারী জীবন বীমা কোম্পানী প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন বীমা দেশের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি। বীমার প্রিমিয়ামের টাকা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়ে থাকে। তিনি বলেন দীর্ঘ সময়ে ন্যাশনাল লাইফ বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৭৫ লাখ লোককে বীমার আওতায় এনেছে, প্রিমিয়াম আয় করেছে ২১,৩২০ কোটি টাকা এবং দাবী পরিশোধ করেছে ১২,২২০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির লাইফ ফান্ড ৭,০১৮ কোটি টাকা, সম্পদ ৭,৭৫১ কোটি টাকা এবং বিনিয়োগ প্রায় ৬,২৪১ কোটি টাকা। বর্তমানে কোম্পানীতে বেতন ভিত্তিক প্রায় ৫০০০ কর্মকর্তা-কর্মচারীসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই লাখ লোক কাজ করছে।
সর্বোচ্চ বীমা দাবী পরিশোধের জন্য কোম্পানীটি ২০২৩ ও ২০২৪ সালে পর পর দুইবার বাংলাদেশ সরকার থেকে জাতীয় সম্মাননা শীর্ষ করদাতার সম্মাননা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশী ও বিদেশী অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করে।
Leave a Reply