সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা অব্যাহত রাখতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে তৃতীয় মেয়াদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর (অব.) মো. মতিয়ার রহমান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে স্বাক্ষর করেন এসইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবন বীমা প্রকল্প বিষয়ক গঠিত কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন।
এছাড়াও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার, রাজশাহী অফিসের ডিএমডি (ইনচার্জ) মো. নাহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের কল্যাণে এ বীমা কার্যক্রম প্রথম চালু হয় ২০২২ সালে। পরবর্তীতে ২০২৪ সালে দ্বিতীয়বার এবং ২০২৬ সালে তৃতীয়বারের মতো চুক্তিটি নবায়ন করা হলো। শিক্ষার্থীদের সন্তুষ্টি, সহজ সেবা প্রদান এবং কার্যক্রমের সফল বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ ধারাবাহিকভাবে এ চুক্তি পুনঃনবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনডোর (IPD) ও আউটডোর (OPD) চিকিৎসার জন্য নির্ধারিত পরিমাণ স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। এছাড়া কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর অভিভাবক নির্ধারিত পরিমাণ মৃত্যু দাবির অর্থ গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমার ই-কার্ড সুবিধাও প্রদান করা হবে, যা চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করে তুলবে। বীমা দাবিসংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে।
Leave a Reply