সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৬ লাখ টাকার বীমা দাবির অর্থ পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের হাতে এ অর্থের চেক তুলে দেওয়া হয়।
জেনিথ ইসলামী লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন উপাচার্যের হাতে চেকটি তুলে দেন। এ সময় জেনিথ লাইফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. তৌহিদুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোহাম্মদ তারেকুল আলম প্রধান, নির্বাহী প্রকৌশলী রনি দে এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের সেকশন অফিসার মো. নুরল আজিম। এ ছাড়া নিহত শিক্ষার্থীদের সহপাঠীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী অর্নব সাহা।
এরপর একই পুকুরে গত ১২ আগস্ট সাঁতার কাটতে গিয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের দুই শিক্ষার্থী। তাঁরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চমক দত্ত।
তিন শিক্ষার্থীর মৃত্যুর পর তাঁদের বীমা দাবির অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু করে জেনিথ ইসলামী লাইফ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার মোট ৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জেনিথ ইসলামী লাইফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply