সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বীমা দাবির অর্থ পরিশোধ করেছে দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। গ্রুপ বীমা চুক্তির আওতায় দুই সদস্যের মোট ৩ লাখ ৭০ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ডিআরইউর প্রয়াত সদস্য আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বীমা দাবির ৩ লাখ টাকা এবং সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির ৭০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা দাবির চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ সময় ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এবং ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।
Leave a Reply