নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা দরপতন ও বিনিয়োগকারীদের আস্থার সংকটের মধ্যে শীর্ষ ১০ ব্রোকারেজ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাজারে বড় ধরনের দরপতন, বিক্রির চাপ, বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়া এবং লেনদেনে স্থবিরতার প্রেক্ষাপটে শীর্ষ ব্রোকারদের মতামত নিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাজারে আস্থা ফেরাতে করণীয় নিয়েও আলোচনা হবে।
সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে একের পর এক বড় পতন হচ্ছে। গতকাল সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট কমে গেছে। এর আগে গত ৭ সেপ্টেম্বর সূচকটি এক দিনেই ১০৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে নেমে যায়। ওই দিন লেনদেনও আগের তুলনায় ২৪ শতাংশ কমে প্রায় ৫৪৫ কোটি টাকায় নেমে আসে।
অল্প সময়ের ব্যবধানে একাধিক বড় দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক বিনিয়োগকারী আরও লোকসানের আশঙ্কায় শেয়ার বিক্রি করে নগদ অর্থ হাতে রাখার চেষ্টা করছেন। এতে বাজারে বিক্রির চাপ বাড়ার পাশাপাশি সূচক ও লেনদেন—দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে।
ডিএসই সূত্র বলছে, আগামীকালের বৈঠকে শীর্ষ ব্রোকাররা বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবেন। বিশেষ করে সাম্প্রতিক দরপতনের কারণ, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক, লেনদেন কমে যাওয়ার কারণ এবং বাজারে তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া বাজার স্থিতিশীল করতে ডিএসইর পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন—সেসব বিষয়ও আলোচনায় আসতে পারে।
এর আগে বাজার পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্যদের মধ্যেও আলোচনা হয়েছে। ওই আলোচনায় বাজারে স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিষয় গুরুত্ব পায়।
Leave a Reply